বন্ধুত্ব'-তিন অক্ষরের এই শব্দটা আামাদের সবার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। নামের মাঝে যুক্তবর্ণগুলো যেন ভালোবাসার অটুট বন্ধনেরই প্রতিফলন। এই নামের সাথে জড়িয়ে থাকে অনেক গল্প, আনন্দ, হৈ-হুল্লোড়, উচ্ছ্বাস,সাহায্য -সহযোগিতা, ভরসা, মায়া, আর একরাশ ভালোবাসা। শুধু তাই নয়, বন্ধুত্বের সাথে বিশ্বাস শব্দটিও ওতপ্রোতোভাবে জড়িত। বন্ধুর কাছেই একজন মানুষ তার সমস্ত দুঃখ, কষ্ট, রাগ, অভিমান, ভালোবাসা নির্ভয়ে প্রকাশ করতে পারে।
প্রতিবছর আগস্ট মাসের প্রথম রবিবার ‘বন্ধু দিবস’ পালিত হয়। জীবনের প্রতিনিয়ত ব্যস্ততার ভিড়ে প্রিয় বন্ধুগুলোকে হয়তো বলা হয়ে ওঠে না, তোদের অনেক ভালোবাসি। কিন্তু এই দিনটিতে বন্ধুরা তাদের ভালোবাসার কথা, বিশ্বাস-ভরসার কথা একে-অপরকে প্রকাশ করে, সবাই মিলে হাসি-আনন্দে দিনটা উদযাপন করে। বন্ধুত্বের টানে অনেক আত্মত্যাগের ঘটনা বরাবরই ঘটেছে। বন্ধু হলো রংধনুর রঙগুলোর মতো, যারা সবসময় কোনো না কোনোভাবে জীবনটাকে রঙিন করে রাখে। "বন্ধু বোঝে আমাকে, বন্ধু থাকলে পাশে আর কি লাগে, গানের এই লাইনটা আমরা সবাই জীবনের যে কোনো পদক্ষেপে উপলব্ধি করি। এই মায়ার বন্ধনগুলো যেন কোনো দিনও ছিন্ন না হয়। ভালোবাসার শক্ত গিঁটে অটুট থাকুক পৃথিবীর সব বন্ধুর বন্ধুত্বের বন্ধনগুলো।

Post a Comment